সত্য প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যকে ধারণ করা ইমানের দাবি। এই দাবি পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে। পৃথিবীর কোনো স্বৈরাচার সত্যবাদীদের সহ্য করতে পারে না। এ জন্য তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হকপন্থিদের নির্মূল করতে চায়। কিন্তু হকপন্থিদের নির্মূল করা যায় না। ভয় এবং আতঙ্কগ্রস্ত না হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দেশবাসীকে জাগানোর জন্য ঐক্যবদ্ধ করতে হবে।’

আজ শুক্রবার জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি আমাদের মুসলিম হিসেবে কবুল করেছেন এবং একটি সত্যনিষ্ঠ দলের সঙ্গে সম্পৃক্ত করেছেন। দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা শপথ নিয়েছি। যতদিন দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততদিন শপথের ওপর বলিয়ান থেকে দ্বীন কায়েমের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং দ্বীন কায়েমের আন্দোলন থেকে বিরতি নেয়ার কোনো সুযোগ নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন ও সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। জেলা আমির মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আমজাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে জেলা ও থানা নেতাসহ জেলা সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *