হোটেলে স্ত্রী-কন্যার লাশ রেখে দুই সন্তান নিয়ে আত্মগোপন

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৩টার পর কলাতলী হোটেল-মোটেল জোন এলাকার ‘সি আলিফ’ নামের হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জেবিন দের স্ত্রী। গত ১৪ ফেব্রুয়ারি স্ত্রী-সন্তানসহ হোটেলটিতে উঠেছিলেন জেবিন দে। মা-মেয়ের লাশ উদ্ধারের সময় তাকে পাওয়া যায়নি। দুই ছেলেকে নিয়ে তিনি আত্মগোপনে গেছেন।

হোটেলের ম্যানেজার মো. ইসমাইল জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে দুই ছেলে ও এক কন্যাশিশুকে নিয়ে হোটেলে ওঠেন জেবিন ও সুমা দম্পতি। ঠিকানায় তারা চট্টগ্রামের বাঁশখালীর কথা উল্লেখ করেন। আজ শুক্রবার তাদের কক্ষ ছাড়ার কথা ছিল। সে হিসাবে বেলা সাড়ে ১১টার দিকে কর্মচারী সাখাওয়াত তাদের কক্ষে যান। সেখানে গিয়ে তিনি ওই নারী ও তার শিশুকন্যার লাশ পড়ে থাকতে দেখেন।

হোটেল কর্মচারী সাখাওয়াত জানান, তাদের কক্ষে গিয়ে কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর ম্যানেজারের নির্দেশে মাস্টার অতিরিক্ত চাবি দিয়ে তালা খুলে তাদের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি খতিয়ে দেখতে সিআইডিসহ পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ওই নারীর স্বামী-সন্তানদের খোঁজ করা হচ্ছে। তাদের পাওয়া গেলেই রহস্যজট খুলবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার শহরের ‘সি বার্ড’ নামে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *