তৌহিদ হৃদয়কে নিয়ে যা বললেন নান্নু

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি গতকাল। স্কোয়াডে নতুন মুখ তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। যিনি সদ্য শেষ হওয়া বিপিএলে সিলেটের হয়ে বেশ ভালো করেছেন। ধারণা করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকও হতে পারে তার।

ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল দিয়েছে বিসিবি। তবে এটি গিয়ে দাঁড়াবে ১৫-তে। শুক্রবার এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘১৪ জনের স্কোয়াড দিয়েছি এবং ২৪ তারিখের পর আরও একজনকে অন্তর্ভুক্ত করব। ১৫ জনের স্কোয়াড করা হবে। গত সিরিজে যারা ছিল, বেশিরভাগ খেলোয়াড়ই আছে। আমরা তৌহিদ হৃদয়কে নতুন নিয়েছি, তাইজুলকে অন্তর্ভুক্ত করেছি। তাইজুলের ব্যাপারে স্পিন বোলিং কোচের চাওয়া আছে, আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। ও একটু ভিন্ন রকমের, এ জন্য এই পরিবর্তনটা করা হয়েছে।’

নতুন মুখ তৌহিদ হৃদয় প্রসঙ্গে নান্নু বলেন, ‘তৌহিদ হৃদয় গত তিন বছর ধরে কিন্তু আমাদের এইচপির স্কোয়াডের সঙ্গে আছে। মিডল অর্ডারে … (জন্য) কিন্তু আমরা ওকে ওভাবেই পরিচর্যা করেছি। একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওকে দলে নেয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা করেই কিন্তু আমরা নিয়েছি। অধিনায়কও অন্তর্ভুক্ত ছিল, কোচের সঙ্গেও কথা হয়েছে এবং স্পিন বোলিং কোচের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। সিরিজ বাই সিরিজ আমাদের যারা পুল ভুক্ত খেলোয়াড় আছে তাদের প্রায় সবাইকে দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *