দিনের বেশিভাগ সময় গেছে বৃষ্টির পেটে। নির্ধারিত সময় থেকে খেলা শুরু হয়েছে সাড়ে চার ঘণ্টা পরে। তবে যতক্ষণই খেলা হয়েছে, দু’দল মেতেছিল ভাঙা-গড়ায়। শুরুতে হাসান-শরিফুলদের আক্রমণ, এরপর সাইম-শাকিলদের প্রতিরোধ; জমে উঠে লড়াই।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত দিনে টসে হেরে ৪১ ওভার ব্যাট করে পাকিস্তান। ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৮। জোড়া উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল।
বেলা ১১টায় খেলা শুরুর কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সাড়ে চার ঘণ্টা পিছিয়েছে শুরু হয় সাড়ে ৩টায়। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এদিন স্বাগতিকদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা হয়েছে চোখ ধাঁধানো। কিছু বুঝে উঠার আগেই ৮.২ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ৩.৩ ওভারে শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন আবদুল্লাহ শফিককে (২)।
তবে পরপর দুই ওভারে আরো জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন শরিফুল। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান প্রথমে। লিটন দাসের ক্যাচ বানান ৬ রানে। পরের ওভারে এসে ০ রানে ফেরান বাবর আজমকেও।
তবে সেখানেই শেষ, এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সাইম আইয়ুব আর সৌদ শাকিলের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে তারা। ছুটতে শুরু করে বড় সংগ্রহের পথে। আর কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে তিন অঙ্কের ঘর।
৩১.১ ওভারে দু’জনের থিতু হয়ে যাওয়া ৯৮ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরান ফিফটি ছুঁয়ে ফেলা সাইম আইয়ুবকে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে সাইম ফেরেন ৯৮ বলে ৫৬ করে।
সাইম থামলেও থামানো যায়নি শাকিলকে। তিনিও তুলে নেন ফিফটি। দিন শেষ করেন ৯২ বলে ৫৭ রানে অপরাজিত থেকে। তার সাথে ৩১ বলে ২৪ রান তুলে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান।