ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে ২ স্থানে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারী করেন।

আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করে। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই ওই দুটি স্থান ও এর পার্শ্ববর্তী ৪০০ গজের মধ্যে সকল ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশ জারি করার পর ওই স্থানগুলো থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইমলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *