চতুর্থ দিনের মতো আদালত বর্জন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবি তুলে চতুর্থ দিনের মতো আদালত বর্জন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা।

তারা আদালতের কার্যক্রমে অংশ না নিতে আইনজীবীদের লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে আদালতের কার্যক্রমে অংশ না নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে নির্বাচন বাতিলের দাবিতে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় কয়েক শ’ বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবী।

আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনজীবীরা যে আদালত বর্জন করেছেন তার প্রমাণ হচ্ছে এনেক্স বিল্ডিয়ে একটি কোর্টে সুনির্দিষ্টভাবে আইনজীবীর অভাবে বিচারিক কার্যক্রম চলছে না। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আজকের যে ন্যায় সংগত আন্দোলন করছে, আদালত বর্জনের কর্মসূচি শতভাগ সফল।’

তিনি বলেন, ‘সাধারণ আইনজীবীরা স্বতর্স্ফূতভাবে এই কর্মসূচিকে শতভাগ সফল করেছে। এখানে যারা উপস্থিত তাদের সবাই ব্যস্ত আইনজীবী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আদালতে কার্যক্রম পরিচালনা করি। এখানে অনেকেই আছেন, যাদের চেম্বারে ১০ থেকে ২০ জন জুনিয়র রয়েছে। তাদের কেউই আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন না।’

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আদালত বর্জন কর্মসূচিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) সমন্বয় সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনিটের সমন্বয়ক মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টে বারের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, কে এম জাবির, মো: আক্তারুজ্জামান, সগীর হোসেন লিওন, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো: কামাল হোসেন, নাসরিন আক্তার, আইনজীবী রেজাউল করীম রেজা, কামরুজ্জামান মামুন, শামিমা সুলতানা দিপ্তী, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, মাহবুবুর রহমান খান, এ কে এম রেজাউল করীম খন্দকার, মিজানুর রহমান, মো: পারভেজ হোসেন, ফাতেমা আক্তার, মো: মাকসুদ উল্লাহ, এ কে এম এহসানুর রহমান, মু কাইয়ুম, নূরে এরশাদ সিদ্দিকী, জামিউল হক ফয়সালসহ শতাধিক আইনজীবী।

এর আগে, গত ২৭ ডিসেম্বর ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সকল আদালত বর্জনের ঘোষণা দেয় বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *