ছাত্রী হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগত ও অছাত্রদের অবৈধ প্রবেশ রোধে যাচাই কল্পে সৃষ্ট শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে প্রতিটি ছাত্রী হলে আধুনিক ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপনের প্রস্তাব দিয়েছিল ডাকসু। এ লক্ষ্যে স্পন্সরের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও করেছিল ডাকসু।
প্রস্তাবিত এই ব্যবস্থায় শিক্ষার্থীদের আইডি কার্ড পাঞ্চ, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন প্রযুক্তির সমন্বয়ে একটি আধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনা ছিল এই লক্ষ্যে ডাকসু নিরন্তর পরিশ্রম করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও অনুমোদন না দেওয়ার কারণে এখন পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এই ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা চালু হলে ছাত্রী হলগুলোর নিরাপত্তা বৃদ্ধি পেত এবং হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিদ্যমান জটিলতাও যৌক্তিকভাবে সমাধান করা সম্ভব হবে।
নারী শিক্ষার্থীদের রাতের বেলা হলে প্রবেশের ক্ষেত্রে অহেতুক হয়রানি বন্ধ এবং হলে প্রবেশের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি করার জন্যও আবেদন জানানো হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের স্ব স্ব হলে প্রবেশ এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য ছাত্রী হলে প্রবেশের সুযোগ সৃষ্টির বিষয়ে দাবি জানানো হয়েছে। একইসাথে নারী শিক্ষার্থীদের পিতামাতার হলে আসা কেন্দ্রীক ভোগান্তি রোধে যাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সে দাবিও উত্থাপন করা হয়েছে। বিগত সময়ে এসকল বিষয়ে ফলপ্রসূ ও বাস্তবসম্মত আলোচনার পরেও এ বিষয়েও প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আজ আমরা একই দাবির পুনরাবৃত্তি করেছি যাতে অতিসত্বর বিষয়গুলো সমাধান করা হয়।