সময় বাড়ানো হচ্ছে না বাণিজ্য মেলার, লোকসানের ঝুঁকিতে ব্যবসায়ীরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের পর্দা নামতে আর মাত্র দু’দিন বাকি। সরকারি ছুটির দিন আজ শনিবার সকাল থেকেই বাণিজ্য মেলার প্যাভিলিয়নে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। এদিকে এক সপ্তাহ সময় বাড়ানোর দাবিতে মেলা কর্তৃপক্ষের একটি খোলা দরখাস্ত করেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের এমন দাবিকে নাকচ করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ছুটির দিন শনিবার দর্শনার্থীর সমাগম বেশি হওয়ায় বিক্রেতারা মালামাল দেখাতে ব্যস্ত সময় পার করছেন। বেচাকেনা বাড়াতে প্রায় সব স্টলেই চলছে বিশেষ ছাড়। বেচাকেনা চলছে হরদম। তবে স্টল মালিকদের অভিযোগ, মেলায় লোকসমাগম কয়েক দিনে রেকর্ড ভঙ্গ করলেও বিক্রি বাড়েনি। ফলে লোকসানের সম্মুখীন হতে হবে তাদের। এ অবস্থায় মেলা কর্তৃপক্ষের কাছে এক সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে নানা বাধ্যবাধকতার কারণ দেখিয়ে তাদের সেই দাবি নাকচ করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ।

কয়েকজন ব্যবসায়ী জানান, মেলার শুরুর আগে সময় সংক্ষিপ্ততার কারণে নির্দিষ্ট সময়ে স্টল নির্মাণ করতে পারেনি। মেলার শুরুর ৭-৮ দিন পর থেকে ব্যবসা চালু করেছি। তাই টার্গেট মোতাবেক ব্যবসা করতে না পারায় আমাদের অনেকেরই লোকসানের সম্মুখীন হতে হবে।

মি. বাইট খাবারের দোকানের স্টল মালিক ইঞ্জিনিয়ার খোকন বলেন, মেলার ৮ম দিন থেকে পুরোপুরিভাবে স্টলে বেচাকেনা শুরু করতে পেরেছি। এক সপ্তাহ সময় বাড়ানো না হলে লোকসানের সম্মুখীন হতে হবে।

মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের বিক্রয়কর্মী তানভির আহম্মেদ বলেন, আমাদের পণ্য আমানত শাহ লুঙ্গি বেশি বিক্রি হচ্ছে। তবে আগারগাঁওয়ে যে মেলা হতো সে রকম বিক্রি হচ্ছে না। এখানে দর্শনার্থী বেশি, বিক্রি কম।

র‌্যাংগসের শোরুমের ইনচার্জ হোসেন আহম্মেদ বলেন, এ মেলায় আশানুরূপ বিক্রি হচ্ছে না। ক্রেতা কম দর্শনার্থী বেশি। যে টাকা দিয়ে প্যাভিলিয়ন নিয়েছি। খরচসহ সে পরিমাণ বিক্রি হবে না।

মেসার্স খান ট্রেডার্সের মালিক মঈনুল ইসলাম, মদিনা এন্টারপ্রাইজের মালিক হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পহেলা জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন হলেও আমাদের স্টল নির্মাণকাজ শেষ হয়েছে ৭-৮ তারিখে। এতে ব্যবসা পিছিয়ে গেছে। শুক্রবার যে পরিমাণ লোকের সমাগম হয় সে পরিমাণ বিক্রি হচ্ছে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলা প্রায় শেষের দিকে। লোক সমাগম প্রতিদিনই বাড়ছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের বিড়ম্বনার কথা ভেবে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের এক সপ্তাহ বাড়ানোর দাবি কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছে। মেলার সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, আগামী ৩১ জানুয়ারি মেলা সমাপ্ত ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *