বিপিএলের ম্যাচে শনিবার জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটে হারিয়েছে মাশরাফি ব্রিগেড। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান করে চট্টগ্রাম। জবাবে সিলেট ১২ বল হাতে রেখে পৌঁছায় জয়ের বন্দরে, ১৭৭/৩। ৪৪ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত।
জয়ের লক্ষ্যে খেলতে নামা সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন নাজমুল হোসেন শান্ত। তৌহিদ হৃদয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৩ রান তোলেন তিনি। ১৮ বলে ১৫ রান করে তৌহিদ ফিরলেও ফিফটি করে বিদায় নেন শান্ত। ৪৪ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৬০ রান আসে সিলেট এই ওপেনারের ব্যাট থেকে।
তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। দলীয় ১৫৮ রানে বিদায় নেন বার্ল। ১৬ বলে চারটি চার ও তিন ছক্কায় ৪১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
এরপর জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন মুশফিকুর রহিম ও জাকির হোসেন। ২৬ বলে ৪১ রানে মুশফিক ও ৫ বলে ১২ রানে জাকির থাকেন অপরাজিত।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী মারুফ ও শুভাগত হোমের ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম। ২৯ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৫৪ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক শুভাগত হোম।