বিএনপি ও তার সঙ্গীরা ভূতের সরকার আনতে চাচ্ছে : ইনু

দেশের চলমান রাজনীতিতে মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থি সব সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ছত্রচ্ছায়ায় রাষ্ট্রের ওপর ছোবল মারছে, আঘাত হানছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রকি দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বিএনপি ও এর রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনকে ঢাল বানিয়ে বাংলাদেশকে তালেবানি পথে নিতে দেশে সংবিধানবিরোধী ভূতের সরকার আনতে চাচ্ছে।’

আজ বৃহস্পতিবার জাসদ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলনে। সাম্প্রদায়িকতা প্রতিরোধ, যুদ্ধাপরাধীদের বিচারে ঐতিহাসিক গণআদালত গঠন ও গণআন্দোলনের নেতা শহীদ কাজী আরেফ আহমেদের ২৪তম হত্যা দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

ইনু বলেন, ভূতের সরকার আনার অপরাজনীতি বন্ধের মন্ত্র ও কবজ সংবিধানেই আছে। বাংলাদেশ আর কোনো দিন ভূতের মতো উল্টা দিকে হাঁটবে না। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতৃত্বে বাংলাদেশ সোজা পথে উন্নয়ন-সমৃদ্ধি পথেই দৌঁড়াবে।

ইনু বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানই বাংলাদেশের রাজনীতির একমাত্র পথ। সংবিধানের পথ থেকে বের করার অপরাজনীতি রুখে দেওয়া হবে।

তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির সুফল ঘরকাটা ইঁদুর উই পোকারা যেন খেয়ে না ফেলতে পারে তার জন্য ঘরকাটা ইঁদুর, উইপোকা দুর্নীতিবাজ, লুটেরাদের বিষ দিয়ে মারতে হবে এবং বৈষম্যের অবসানে সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন—জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, সহসভাপতি ফজলুর হমান বাবুল, কাজী আরেফ আহমেদের অনুজ কাজী মাসুদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *