পঞ্চমদিনে নন-ক্যাডার চাকরিপ্রার্থীদের আন্দোলন

চতুর্থ দিনের মতো ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (২ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গেটের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করেছেন তারা। এ সময় আন্দোলনকারিরা চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন।

তাদের দাবি মেনে নিতে আগের পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ পিএসসির প্রতি আবারও আহ্বান জানান চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা বলেন, পিএসসি অন্ধ। চাকরিপ্রার্থীদের হাহাকার সবাই দেখতে পেলেও পিএসসি দেখতে পারছে না। লাগাতার অবস্থান কর্মসূচি চললেও এখন পর্যন্ত সরকারি কর্ম-কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

চাকরিপ্রত্যাশীরা জানান, সরকারি কর্ম কমিশনে আগের নিয়ম অনুযায়ী, বিসিএস পরীক্ষায় পাস করা চাকরিপ্রত্যাশীদের মেধার ভিত্তিতে পরবর্তী বিসিএসের ফল প্রকাশ করার সময় পর্যন্ত নন-ক্যাডার শূন্য পদে নিয়োগ দেয়া হতো। তবে, এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। পাশাপাশি ৪০তম বিসিএস থেকে চলমান বিসিএসে নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের ওই সময়ে প্রকাশিত শূন্য পদেই শুধু নিয়োগের কথা বলা হয়।

চাকরিপ্রত্যাশীরা আরও জানান, ৩৭ ও ৩৮ তম বিসিএস থেকেই এই সময়ের অধিকাংশ শূন্যপদ পূর্ণ হয়ে গেছে। ফলে ৮ হাজার চাকরিপ্রত্যাশী বঞ্চিত হবেন নতুন নিয়মে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

গত রোববার দুপুর থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ প্রার্থীরা। দাবি আদায়ে আন্দোলনকারী প্রার্থীরা আমরণ অনশনের ঘোষণাও দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *