দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়।

দীর্ঘ আট ঘণ্টা এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী, যানবাহন চালক ও ঘাট-সংশ্লিষ্ট সকলেই মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

ফলে এ দীর্ঘ সময়ে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকা পরেছে শতাধিক ছোট বড় যানবাহন। আটকা পরা নৈশ কোচের যাত্রীরা পদ্মা পাড়ের হিমেল বাতাসে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *