ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি মোহাম্মদ এ. আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ এ. আরাফাত। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। 

শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাতকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় একই সঙ্গে ৯টি পৌরসভার মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তার মধ্যে তিনজন চলচ্চিত্র তারকা ছিলেন। এ ছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে ৭৮ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে ১৭ জুলাই। ১৫ মে এই আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের মৃত্যু হয়। পরে আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *