ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পেলো জামায়াত

অবশেষে সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নিজেদের দাবিকৃত স্থান বায়তুল মোকাররমের উত্তর গেটে নয়, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামীকাল শনিবার (১০ জুন) দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবে জামায়াত। শুক্রবার (৯ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু.আতাউর রহমান সরকার

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জামায়াতকে রমনায় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে অবশ্যই তাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে হবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

এর আগে গত ৫ জুন সমাবেশ করতে চেয়ে আবেদন করেছিল জামায়াত। কিন্তু কর্মদিবস থাকায় ডিএমপির পক্ষ থেকে সাড়া মেলেনি। এরপর নতুন তারিখ ঘোষণা করে জামায়াতে ইসলামী। এছাড়া ১০ জুনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কর্মীদের ৬ দফা নির্দেশনাও দিয়েছে দলটি।

নির্দেশনার মধ্যে রয়েছে- ক. সমাবেশ হবে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। খ. সমাবেশে আসা যাওয়ার পথে কারো কোন উস্কানিতে পা দেয়া যাবেনা। সকলপ্রকার উস্কানি এড়িয়ে যেতে হবে। গ. সকল প্রকার অপতৎপরতার ব্যাপারে চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। ঘ. কোন অপতৎপরতা চোখে পড়লে সংশ্লিষ্ট দায়িত্বশীলকে তাৎক্ষনিক জানাতে হবে। ঙ. নিজেরা কোন অপতৎপরতা প্রতিহত করতে যাবে না। চ. সমাবেশে শুধুমাত্র ঢাকা মহানগরীর জনশক্তিরাই উপস্থিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *