দেশে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার অজুহাতে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়িয়ে দেন সিন্ডিকেট ব্যবসায়ীরা। এবার রাজধানীর কাঁচা বাজারও সিন্ডিকেট ব্যবসায়ীরা কারসাজি করছেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর কাওরান বাজার সবজির আড়তে অভিযান পরিচালনা করেন।
সরজমিনে তারই প্রমান মিলে, মধ্যস্বত্বভোগী ও খুচরা ব্যবসায়ীরা কাঁচা বাজার টালমাটাল করে রেখেছে। ৩০ থেকে ৩৫ টাকার সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। সোমবার দিবাগত মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার সবজি আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এ চিত্র ফুটে উঠেছে।
সোমবার রাত ১১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত কারওয়ান বাজারে সবজির আড়তে বিশেষ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, আড়তের ৩২ টাকার শসা পাইকারিতে বিক্রি হয় ৪০ থেকে ৪৫ টাকায়। আর ওই শসা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একইভাবে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেগুন ও করলা। ১৫ টাকার পটল খুচরায় বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এভাবেই আড়তের ৩০ টাকার সবজি খুচরায় বিক্রি হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি দামে। এ পন্থা অবলম্বন করে বিপুল পরিমাণ অনৈতিক মুনাফা লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, হাসানুজ্জামান, ও শরিফুল ইসলাম। অভিযান সরেজমিনে দেখতে ছুটে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।