নেকাব পরে আসলে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো

চট্টগ্রামের চন্দনাইশে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ক্লাসে বোরকা এবং নেকাব পরে আসায় তাদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

গত রোববার ( ২৭ ফেব্রুয়ারি ) এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিনের মতোই তারা বোরকা এবং নেকাব পরে ক্লাসে আসে। কিন্তু সেদিন একটি ক্লাস নেয়ার সময় কয়েকজনকে বোরকা এবং নেকাব পরা অবস্থায় দেখে তাদের ওপর ক্ষিপ্ত হয় স্কুলটির প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া। শুধু তাই নয়, তাদেরকে অশালীন ভাষায় বকাঝকা করেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেয় শিক্ষার্থীরা। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রতন কুমার বড়ুয়ার মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *