২০২২ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা (সোয়াদ)।
আজ (২৮ নভেম্বর) সোমবার দুপুর ৩.৩০ টায় রাজধানীর এক মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা এ সংবর্ধনার আয়োজন করে।
এসোসিয়েশনের সদস্য সচিব মু. আসাদুজ্জামান এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, আদর্শ দেশ গঠনে মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।
মামুন বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা বরাবরের মতোই এবারও অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাববক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভাল রেজাল্ট নয়, ছাত্রদেরকে নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।
আজ সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসির ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, সাধারণ ৯ বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। আর জিপিএ-৫ রয়েছে দু’লাখ ৩৩ হাজার ৭৬৩ জন।
মাদরাসা বোর্ডের অধিনে দাখিলে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন। কারিগরিতে পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন।