বেইজিংয়ের আগে শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২১ জুন (শুক্রবার) দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী ৮ জুলাই তারা বেইজিং সফরের কথা রয়েছে।

বুধবার (১৯ জুন) গণমাধ্যমে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লীর ফোরকোর্টস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে। এই সংবর্ধনা পর্বে ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ছবি তোলা হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ ঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষ্যে হায়দ্রাবাদ হাউস গমন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *