জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা দিল শিবিরের

রাজধানীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে শিবিরের সংবর্ধণা

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

আজ শনিবার (১৮ই মার্চ, ২০২৩) রাজধানীর মিরপুরে শহীদ মুজাহিদুল ইসলাম মিলনায়তনে সকাল ১০ টায় ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি মু. আসাদুজ্জামান এর সঞ্চালনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ডা. মোঃ আবু ইউসুফ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ আবু ইউসুফ আব্দুল্লাহ বলেন, মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, সাথে সাথে নৈতিকতার ক্ষেত্রে যদি কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এই মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো যাবে না। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় এখন চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। ছাত্রদের হাতে এখন কলমের পরিবর্তে অস্ত্র, মাদক তুলে দেয়া হচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সংমিশ্রন অতীব জরুরী। ইসলামী ছাত্রশিবির বর্তমানে সেই কাজটিই সঠিকভাবে সম্পন্ন করে চলেছে।

তিনি বলেন, ২০২২ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে ক্যারিয়ার গড়ে তোলে এদেশের পথহারা মানুষের পাশে দাঁড়াতে হবে।

তাছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন। সারাদেশ থেকে তিনশত রেজিষ্ট্রেশনকৃত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০জন সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাকী শিক্ষার্থীরা সারাদেশ থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, আকর্ষণীয় টিশার্ট, নোটবুক, কলম, ওয়ার্ড কার্ড, সম্মাননা কার্ড, বক্স, তিনটি মোটিভেশনাল বই তুলে দেন। নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত শিক্ষার্থীদের উপহার সামগ্রী কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *