এক মোটরসাইকেলে তিনজন, বাসের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতাসহ দুজনের

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। ওই মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন।

গতকাল শনিবার রাতে উপজেলার সলিমপুর এলাকায় কুষ্টিয়া-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

নিহত দুজন হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিশালঘাট ইউনিয়নের মোল্লার বাজার এলাকার ইশতিয়াক আহম্মেদ (২৮) ও একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের সালাউদ্দিন আহম্মেদ (২৯)। সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইশতিয়াক, সালাউদ্দিনসহ তিনজন মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। কুষ্টিয়া থেকে আসা একটি বাস সলিমপুর এলাকায় মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইশতিয়াক মারা যান। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। অন্য দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সালাউদ্দিনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আজ রোববার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার স্যানাল।

তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার পর চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *