সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, বিএসএফের অস্বীকার

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছে বলে দাবি করেছে পরিবার।

শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত তরুণের নাম আবু হাসান (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালী গ্রামের হায়দার আলীর শেখের ছেলে। তার পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, বিএসএফের কাছে জানতে চাইলে তাঁরা গুলি করার কথা অস্বীকার করেছে। তবে বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। সেখানে এ ঘটনায় সর্বোচ্চ প্রতিবাদ জানানো হবে।

গতকাল রাতের কোনো একসময় তাঁর ছেলে সীমান্ত পার হয়ে ভারতে যান বলে জানিয়েছেন হায়দার আলী শেখ।

তিনি বলেন, কালিয়ানি সীমান্তের বিপরীত পাশে থাকা ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে সেখান থেকে তাঁকে কে বা কারা বাংলাদেশে নিয়ে এসে সকাল সোয়া ছয়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ডুমুরিয়া এলাকায় হাসান মারা যান।

হাসানের শ্বশুর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা মোল্লাপাড়ার সাইফুল ইসলাম বলেন, ‘হাসান ভারতীয় চোরাই পণ্য আনা–নেওয়ার কাজে চোরাকারবারিদের সহায়তা করত। শনিবার রাতে সে ভারতীয় পণ্য বাংলাদেশে আনার জন্য সীমান্তে অবস্থান করছিল। ওই সময় দুবলী ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁকে গুলি করে বলে লোকমুখে শুনেছি।’

হাসানের পেটের ডান দিকে গুলি লেগেছিল বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *