ইসলামভীতি প্রতিরোধে এখন থেকে ১৫ মার্চ ‘আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস’ পালিত হবে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে পাকিস্তানের উত্থাপিত একটি প্রস্তাব (রেজল্যুশন) গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।
জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসির ৫৭ সদস্যের পাশাপাশি চীন, রাশিয়াসহ আরও ৮টি দেশ প্রস্তাবটি স্পনসর করে।
কয়েকটি সদস্যদেশ প্রস্তাবটির প্রশংসা করেছে। তবে এ প্রস্তাবের বক্তব্যে আপত্তি জানিয়েছে ভারত, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক আইনে ইসলামভীতির প্রতিষ্ঠিত কোনো সংজ্ঞা নেই। এই প্রস্তাবে (রেজল্যুশন) অন্য ধর্মগুলো নিয়ে ভীতির কথা বলা হয়নি। ভারতের দূত বলেন, এই প্রস্তাবে হিন্দুভীতির বিষয়টি আসেনি।