বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ আগামী ২৭ জুলাই শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ৩ সংগঠন। সংগঠনগুলো হলো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ।
সোমবার (২৪ জুলাই) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মাইনুল হোসেন খান বলেন, ‘যে গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই গোষ্ঠী হলো বিএনপি-জামায়াত। তারা একটি দেশবিরোধী শক্তি।’
সেই বিএনপি-জামায়াতের হত্যা-ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আগামী ২৭ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ৩ সংগঠনের আগামী ২৭ জুলাইয়ের এই সমাবেশকে ‘তারুণ্যের জয়যাত্রা’ বলা হলেও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বাংলাভিশনকে বলেন, ‘তারুণ্যের জয়যাত্রা নয়, ঢাকা মহানগরীতে আমরা ‘শান্তির সমাবেশ’ করব।’ এটা বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি কিনা জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, তাদের কর্মসূচি তারা করছে আমরা আমাদের টা করব এতে পাল্টাপাল্টির কি আছে।