আইন গ্রাহ্য না করে শিশুকে ৭ দিনের রিমান্ড
নিজস্ব সংবাদদাতা, ঢাকা
ঢাকা কলেজের ১৭ বছরের মেধাবী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা আন্দোলনে সরব হওয়ায় বন্ধুদের সাথে ফাইয়াজও অংশগ্রহণ করে। কিন্তু সেই অংশগ্রহণ কাল হয় ফাইয়াজের জন্য। পুলিশ হত্যার আসামী বানিয়ে আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায়। গ্রাহ্য করেনি শিশু আইনের কোন ধারা। শিশু আইন ২০১৩ এর ধারা ৪ অনুযায়ী অনুর্ধ্ব ১৮ বছর পর্যন্ত সকল ব্যাক্তি শিশু হিসেবে গণ্য হলেও আদালত বিষয়টি কে আমলে না নিয়ে শিশু ফাইয়াজ এর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ।
২৭ জুলাই (শনিবার) বিকেলে সাড়ে ৩ টায় আদালতে উঠানো হলে কোর্ট তার রিমান্ড মঞ্জুর করে। জানা যায়, ২৪ জুলাই রাত সাড়ে নয়টায় ফাইয়াজ কে মাতুয়াইল তার বাসা থেকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ।
জন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম তারিখ ২০০৭ সালের ১৯ এপ্রিল। সে হিসেবে তার বর্তমান বয়স ১৭ বছর ৩ মাস। কিন্তু যাত্রাবাড়ী থানা তাকে ১৯ বছর দেখিয়ে পুলিশ হত্যা মামলার আসামী করে আদালতে প্রেরণ করে। তাকে আটক করার ৩ দিন পর আদালতে পাঠানো হয়। এই ৩ দিনে ফাইয়াজের সাথে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। ফাইয়াজের বাবা-মা অসংখ্য বার থানায় যোগাযোগের চেষ্টা করলেও তাদের নিরাশ হতে হয়। কখনো বলা হয় ফাইয়াজ থানায়, কখনো ডিবিতে। অবশেষে আজকে আদালতে উঠানো হলে আদালত তার বয়স গ্রাহ্য না করেই ৭ দিনের রিমান্ডে পাঠায়। আইনজীবীরা বারবার কোন ধারাতে একজন শিশুকে রিমান্ডে পাঠানো হচ্ছে জিজ্ঞেস করলেও বিচারক নীরব ছিলেন।
ফাইয়াজ শামসুল হক খান স্কুল থেকে ১২০৫ নাম্বার পেয়ে সদ্য এসএসসি পাশ করেছে। বর্তমানে ঢাকা কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছে।