রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের আওতাধীন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী বিভাগ রোজেনারগোঅটম শুক্রবার (২৩ আগস্ট) ঘোষণা দিয়েছে, কুরস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (এনপিপি) চতুর্থ ইউনিটটি নিয়মিত মেরামত ও সংস্কারের (রক্ষণাবেক্ষণ) জন্য জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হবে।
এই মেরামত রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হবে এবং এই কর্মযজ্ঞে প্রায় দুই হাজার বিশেষজ্ঞ একযোগে কাজ করবেন। রোজেনারগোঅটমের বিবৃতি অনুসারে, জটিল এই প্রক্রিয়াটি ৫৯ দিন স্থায়ী হবে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।
এদিকে, কুরস্কে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার চেষ্টা চালায় ইউক্রেনিয় বাহিনী। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একে ইউক্রেনের ‘পারমাণবিক সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন বৃহস্পতিবার রাতে কুরস্কের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল। ১৭ আগস্ট, রোসাটম ইঙ্গিত দেয় যে ইউক্রেনীয় হামলার কারণে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রটির চারপাশের পরিস্থিতি নাজুক অবস্থা ধারণ করেছে। গত ৬ আগস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলার পর থেকে এই শহরে সংঘাত ও সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে।