আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সেদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশ আয়োজন করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
রোববার (৩ ডিসেম্বর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে দেয়া হয়। চিঠিটি কার্যালয় থেকে গ্রহণ করা হয়েছে।
আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতির প্রয়োজন হবে।
চিঠিতে বলা হয়, আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশের অনুমতি দেয়ার জন্য অনুরোধ করছি।
এর আগে, রোববার দুপুরে আওয়ামী লীগের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে।