মুক্তিযুদ্ধ মন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আসনে লড়তে চান সাবেক মেয়র জাহাঙ্গীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে জাহাঙ্গীর আলম নিজেই নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম নিজে আসেননি। তার পক্ষে অন্য লোকের মাধ্যমে গাজীপুরের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া হয়।

এদিকে গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি- কাশিমপুর ও কালিয়াকৈর) আসনের বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তিনি যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। একই আসন থেকে এবারও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহিদ আহসান রাসেল।

এছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *