মারকাটারি গ্যাংস্টার লুকে শাকিব; ‘প্রিন্স’-এর ঝলকেই বাজিমাত

১৬ সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক, আর তাতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়! রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ্যে এল শাকিব খান অভিনীত আসন্ন ঈদের ছবি ‘প্রিন্স’-এর প্রথম ঝলক। গায়ের লোম দাঁড় করানো বিজিএম-এর সঙ্গে পর্দায় ভেসে উঠল সুপারস্টার এক ভয়ঙ্কর সুন্দর রূপ। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস আর পরনে কালো গাউন—পুরোদস্তুর গ্যাংস্টার লুকে ধরা দিলেন শাকিব। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা ইউনিক ডিজাইনের একটি বিশাল ‘মিউজিক্যাল বন্দুক’। মাত্র ১৬ সেকেন্ডের এই ভিডিওতেই শাকিব বুঝিয়ে দিলেন, এবারের ঈদে বড়পর্দায় এক ধ্বংসযজ্ঞ চালাতে আসছেন তিনি।

মোশন পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ ছবির ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। লঙ্কান দ্বীপে ছবির কিছু অংশের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শিরিন সুলতানার প্রযোজনায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি হতে যাচ্ছে এযাবৎকালের অন্যতম বড় বাজেটের অ্যাকশন সিনেমা। ফার্স্ট লুক প্রকাশের পরপরই তা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে গেছে।

শুরুতে গুঞ্জন ছিল ছবিটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পরিচালক সাফ জানিয়েছেন, এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়, বরং বড় আয়োজনের একটি মৌলিক কমার্শিয়াল ছবি। ‘প্রিন্স’-এ শাকিব খান ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজকে। শাকিবের এই রাফ অ্যান্ড টাফ লুক দর্শকদের প্রত্যাশার পারদ যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *