রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আইসিইউতে থাকা নাহিদ হাসান (১৮) নামে এক যুবক মারা গেছেন। নাহিদ বাটা সিগনাল এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠান কাজ করতেন।
আজ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত নাহিদ হাসান এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। ঢামেকের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমার্জেন্সি সাভিসের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি জানান, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীসহ ৪ জন ভর্তি ছিলেন। এরমধ্য একজন মারা গেছেন। প্রথম থেকেই তিনি আশঙ্কাজনক ছিলেন। শুভ নামে একজন দুপুরের দিকে আহত অবস্থায় নাহিদকে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি জানিয়েছিলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিদ রাস্তায় পড়েছিলেন।
তিনি আরও জানান, রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীসহ আহত ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। এরা হলেন- নিউ সুপার মার্কেটে রেডিমেট কাপড়ের দোকানের কর্মচারী মোরসালিন (২৬), ইয়াসিন (২০) এবং ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কানন চৌধুরী (২৩)। তাদের মধ্যে মোরসালিনের অবস্থা আশঙ্কাজনক।