বোরকা পরে ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেটের

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ক্রেতা সেজে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ছদ্মবেশে বাজার পর্যবেক্ষণের পর অভিযান পরিচালনা করে ৭টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। সকালে বোরকা পরিধান করে সাধারণ ক্রেতার ছদ্মবেশে তিনি বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিভিন্ন সমস্যা ও অনিয়ম দেখতে পেয়ে পরে তিনি ছদ্মবেশ ত্যাগ করে সরাসরি অভিযানে নামেন।

অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির মতো অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা দোকানগুলোর মধ্যে রয়েছে মাছ, মাংস, ফল ও মুদি দোকান। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। অভিযান চলাকালে শিবচর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, তিনি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করেন এবং পরবর্তীতে অভিযান পরিচালনা করেন। এদিন কয়েকটি দোকানে জরিমানা করার পাশাপাশি বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *