ফজরের নামাজ পড়া হলো না নুরুল হকের

মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন নুরুল হক বাচ্চু মিয়া (৫৮)। কিন্তু সুবহে সাদিকে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিতে পারেননি তিনি। মসজিদে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হন তিনি।

সোমবার (২০ নভেম্বর) ভোরে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক বাচ্চু মিয়া উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হন বাচ্চু মিয়া। চরজব্বার-সোনাপুর নোয়াখালী মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তার রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোরে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে যায়। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পরিবারের লোকজন লিখিত অনুরোধ করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *