বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃত্যু

বিমান বিধ্বস্ত হয়ে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন। এছাড়া বিমানটিতে থাকা আরও ৯জনেরও প্রাণহানি ঘটেছে। মস্কোর উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

বিমানটিতে প্রিগোজিনসহ মোট ১০জন যাত্রী ছিল বলে জানা গেছে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারী এমব্রেয়ার লিগ্যাসি বিমান টারভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৩জন ক্রু সদস্য ও ৭জন যাত্রী ছিলেন।

প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে থাকা সবাই মারা গেছেন। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরোহীদের একজনের নাম প্রিগোজিন। তবে ওই দুর্ঘটনা নিয়ে আর কোনও তথ্য জানাননি তারা। এর আগে ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন খবর দিয়েছে যে, মস্কোর উত্তরের একটি এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে উড়োজাহাটি বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। এরইমধ্যে বিমানটি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উড্ডয়নের পর বিমানটি আধা ঘণ্টারও কম সময় আকাশে ছিল বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ২৩ জুন প্রিগোজিন রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এমনকি ইউক্রেনে যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনা ঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামায় ওয়াগনার।

৭১ বাংলা/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *