নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শামীম ওসমানকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানকে শোকজ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শামীম ওসমানের কাছে কারণ দর্শানোর ব্যাখা চাওয়া হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব এই মিছিল বের করে এবং শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করে।

চিঠিতে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকে ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর অনলাইন সংস্করণ ও প্রিন্ট সংস্করণে প্রকাশিত সচিত্র সংবাদ অনুযায়ী ১ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা করা হয়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ফলে রোববার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১৫ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান কমিটি (নির্বাচনী এলাকা নম্বর-২০৭) আসন নম্বর নারায়ণগঞ্জ-৪ এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য বলা হয়েছে শামীম ওসমানকে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর শামীম ওসমানের নির্বাচনী এলাকা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসব মিছিলে শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়। এছাড়া, শামীম ওসমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে স্লোগান দেয়া হয়। এর মধ্যে শহরের তল্লা এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানের পক্ষে জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের নেতৃত্বে ফতুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীক ফেস্টুন ও বাদ্যবাজনা বাজিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশাল মিছিল করেছে কর্মী-সমর্থকরা। এ সময় পথসভা করে শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয় এলাকাবাসীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *