দেশকে কারাগারে পরিণত করেছে সরকার (এলডিপি)

সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির এক সমাবেশে এ দাবি জানানো হয়েছে।

দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নূরুল আলম বলেন, ‘আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাই। আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে চাই, এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারকে আমরা সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই।’

‘অর্থনৈতিক সমস্যা, গুম, খুন, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে এলডিপি।

সমাবেশে নূরুল আলম বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ছয় শতাধিক বিরোধী দলের নেতা–কর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করেছে। ৩৫ লাখ বিরোধী দলের নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে গৃহবন্দী করে রেখেছে।’

নূরুল আলম বলেন, দেশটাকে কারাগারে পরিণত করেছে সরকার। এই সরকারের পতন না হলে এর থেকে মুক্তি মিলবে না। মুক্তির রাস্তা একটাই, এই সরকারের পদত্যাগ।

সমাবেশে বক্তব্য দেন এলডিপির সভাপতি মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক আবুল হাসেমসহ এলডিপির কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *