ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
কলম্বো সফর শেষে সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পিটার হাসকে বহন করা ফ্লাইটটি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নং-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে, গত ১৬ নভেম্বর দুপুর সোয়া একটার দিকে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান।
গত ১৫ নভেম্বর (বুধবার) সকালে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। এসময় চলমান রাজনৈতিক অস্থিরতার বিবেচনায় একটি শর্তহীন সংলাপের ওপরও জোর দেন তিনি।
তার আগে, সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।