বগুড়ায় অবশেষ আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বাংলাদেশ কংগ্রেস জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে বগুড়া রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের নিকট বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।
ওই সময় তিনি বগুড়ায় উপস্থিত ছিলেন না। তার দলীয় প্রতিক ডাব। বাংলাদেশ কংগ্রেস ছয়টি দলের সাথে জোট করেছে।
এই জোটের সাথে থাকা অন্য দলগুলো হলো গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিণ পার্টি ও বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি। তাদের মধ্যে হিরো আলম গণঅধিকার পার্টির (পিআরপি) মনোনীত প্রার্থী।
হিরো আলম সাংবাদিকদের জানান, আমি সাধারণত দু’টি আসন থেকে নির্বাচন করি। এবারো আমার দু’টি আসনে ভোট করার টার্গেট ছিল।
তিনি আরো বলেন, ‘আজকে আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ কংগ্রেস থেকে নির্বাচন করতে চাচ্ছি। আমি শুনেছি নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেয়ার জন্য আরো তিন দিন সময় বাড়াবেন। যদি সময় বাড়ায় তাহলে আমি কুমিল্লা-১০ আসন থেকে ভোট করতে চাই। ওই এলাকায় আমার ভক্তরা আমাকে চায়। তারা খুব আগ্রহী। এর আগে বুধবার দুপুরে বগুড়া নির্বাচন অফিস থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হতে মনোনয়নপত্র তোলেন। তবে জমা দিলেন গণঅধিকার পার্টি থেকে নেয়া মনোনয়ন।
চলতি বছরে জুলাই মাসে ঢাকা-১৭ আসনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
২০১৮ সালের জাতীয় নির্বাচনেও বগুড়া-৪ আসনে নির্বাচনে অংশ নেন হিরো আলম। তবে ভোটের মাঝপথে এসে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ সময় তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচন না করার সিদ্ধান্ত জানালেও আবারো তিনি প্রার্থী হলেন।