টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানো। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ও নিঃসন্দেহে বাংলাদেশের সেরা অর্জনগুলোর একটি। এবার সাদা পোশাকে আরো একটি বড় সাফল্যের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের। আর মাত্র তিন উইকেট! তবেই ইতিহাস গড়বে টাইগাররা। স্বাগতিকদের দেয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে অবস্থান করেছে নিউজিল্যান্ড। জয় থেকে এখনো তারা ২১৯ রান দূরে।
শুক্রবার রাতটা যেন ছিল অনেকটা চাঁদ রাতের মতো। ঈদের আগে যেমন আকাশের চাঁদ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়, অনেকটা তেমনই ছিল রাতটা বাংলাদেশ ক্রিকেটে। জয়ের সুবাস পেয়ে গেছে বাংলাদেশ, এবার শুধুই নিশ্চিত করার পালা।
অভাবনীয় কিছু না ঘটলে সিলেট টেস্টে জিততে যাচ্ছে বাংলাদেশ। হাতে ৩ উইকেট থাকলেও নিউজিল্যান্ডের স্বীকৃত ব্যাটসম্যান কেবল ডেরিয়েল মিচেল। কিউইরাও স্বপ্ন বেধে আছে তাকে নিয়েই। অবিশ্বাস্য কিছু করে ম্যাচের চিত্রটা বদলে দেবেন তিনি, এমনটাই প্রত্যাশা তাদের।
ম্যাচের চিত্রটা যেন বদলে দিচ্ছেন তাইজুল ইসলাম। যেখানে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল এক শতকের সাথে পেয়েছে জোড়া ফিফটির দেখা, সেখানে আরো ভয়ঙ্কর হবে কিউইরা। এমনটাই তো হবার কথা!
তবে ওই সুযোগ দিলেন না তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বনে গেলেন বোলিং আক্রমণের নেতা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাদের ধসিয়ে দিয়েছেন তাইজুল, ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। ভেঙে দিয়েছেন ইনিংসের মেরুদণ্ড।
চারটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ। তাইজুল প্রথমে ফেরান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ও কিউইদের সবচেয়ে অভিজ্ঞ আর সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেলকে ফেরান তিনি। দিনের শেষ উইকেটটাও ছিল তার। ফেরান কাইল জেমিসনকে।
প্রথম ইনিংসে ৫ উইকেট পূরণ করা হয়নি তাইজুলের। তবে এবার সুযোগ আছে তা পূরণের। কিউইদের শেষ তিন উইকেটের একটাও ঝুলিতে পুড়তে পারলে টেস্ট ক্যারিয়ারে ১২ বারের মতো ৫ উইকেট নেয়ার স্বাদ পাবেন তিনি।
আশার মাঝে নিরাশাও লুকিয়ে আছে। জিততে জিততে হেরে যাওয়া বাংলাদেশ ক্রিকেটে নতুন কিছু নয়। শেষ মুহূর্তে এসে ম্যাচ হাতছাড়া করেছে টাইগাররা বহুবার।
১১৩ রানে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ড পঞ্চম দিন শুরু করবে। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও প্রস্তুত ইতিহাসের অংশ হতে।