বিশ্বকাপ শেষে কোচিং স্টাফের অনেকের চুক্তি শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কোচিং স্টাফ নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে। ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ, ব্যাটিং কোচ ও বোলিং কোচ এই তিন পদে নতুন নিয়োগ দেওয়া হবে।
বিশ্বকাপের আগে দায়িত্ব ছাড়েন জেমি সিডন্স। এরপর কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তার সহকারী নিক পোথাস দায়িত্ব সামলেছেন। এছাড়া বিশ্বকাপের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বিদায় নিয়েছেন।
বাংলাদেশ দলের দীর্ঘদিনের কম্পিউটার অ্যানালিস্ট ভারতের শ্রীনিবাসন চন্দ্রশেখর বিশ্বকাপের পর সরে গেছেন। তার জায়গায়ও যোগ্য কাউকে খুঁজছে বিসিবি।
এছাড়া স্পিন বোলিং কোচের পদ খালি থাকলেও এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেখা যায়নি বিসিবির ওয়েবসাইটে। ২০ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।