কৃষি মার্কেট পরিদর্শন শেষে জামায়াতের প্রতিক্রিয়া

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লাগার পর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি অগ্নিদগ্ধ মার্কেট এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে একান্তে কথা বলেন।

মহানগরী সেক্রেটারি তাদের আন্তরিক সহমর্মিতা জানান। তিনি বিপদে তাদেরকে ধৈর্যধারণের পরামর্শ এবং সর্বস্বান্ত ব্যবসায়ীদের সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আজহার আলী মুন্সী ও মোহাম্মদপুর উত্তর থানা আমীর শামীনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আগুনো পোড়া এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। মূলত এসব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাই যেকোনো বিপদে ধৈর্যহারা হলে চলবে না বরং সকল ক্রান্তিকালে আল্লাহর ওপর ভরসা রেখে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালাতে হবে। তিনি ধৈর্য ও সাহসিকতার সাথে সম্মুখ বিপদ কাটিয়ে ওঠার জন্য সকলকে মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশেই আগুন লাগার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মূলত অপরিকল্পিত নগরায়ণ, প্রয়োজনীয় গণসচেতনতার অভাব এবং অগ্নিনির্বাপনে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত না হওয়ার কারণেই পরিস্থিতি দিনের পর দিন অবনতি হচ্ছে। কোন দুর্ঘনার পর ঘটনার কারণ তদন্তে দায়সারা গোছের তদন্ত কমিটি গঠিত হলেও সে তদন্ত কমিটির রিপোর্ট কখনো আলোর মুখ দেখে না। তাই আগামী দিনের করণীয় নির্ধারণও সম্ভব হয় না।

তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে সরকার, রাজনৈতিক সংগঠন ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ঘটনার কারণ অনুসন্ধানে ও পুনরাবৃত্তি রোধে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *