মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ। দিবাগত রাতেই জয় বাংলা স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার একটি ভিডিও ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার পর উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার ছাড়াও বিশকাকুনি ও নারান্দিয়া ইউনিয়নের তিনটি পৃথক স্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম ও আরশাদ শেখ নামের ফেসবুক আইডি থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একুশের প্রথম প্রহরে জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে কয়েকজন নেতাকর্মী পুষ্পার্ঘ্য অর্পণ করছেন।
এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিশকাকুনি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারগুলোতেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট স্থানগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে এ বিষেয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানান, পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছে।এমন কোনো তথ্য আমাদের জানা নেই।