ছাগল চুরির অভিযোগে আ. লীগ নেতা আটক, ফ্রিজ থেকে মাংস উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে অন্যের ছাগল জবাই করার অভিযোগে মো. রেজাউল করিম রাজন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার ফ্রিজ থেকে জবাইকৃত ছাগলের মাংস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু গাজী বসতবাড়ির পশ্চিম পাশে নিজ সম্পত্তিতে দুই বছর আগে মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজন (৫০) ওই বাঁধ কাটতে যান। তখন তিনি বাধা দিলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।

এসময় হাতে থাকা দা দিয়ে গাজীকে খুন করার হুমকি দিয়ে চলে যান রাজন। বিকেলে গাজীর গৃহপালিত একটি ছাগল রাজনের বাড়িতে যান। পরে পূর্ব শত্রুতার জেরে সেটি জবাই করেন রাজন। ছাগল জবাইয়ের বিষয়ে তার কাছে জানতে চাইলে উল্টো গালমন্দসহ গাজীকে খুনের হুমকিসহ নানা ভয়-ভীতি দেখান তিনি।

গতকাল রাতে ছাগল চুরির ঘটনায় গাজী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রাজনের বিরুদ্ধে দুমকী থানায় লিখিত অভিযোগ করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে  রাজনকে (৫০) আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *