গাজীপুরে প্রায় সাড়ে ৭ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৫

গাজীপুরে প্রায় সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে জিএমপি’র গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদেরকে মহানগরীর বাসন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মাদ নাজির আহমেদ খান তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিজঙ্গল গ্রামের সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম সবুজ (২৪), একই গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে জিয়াউর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে শরীফ মিয়া (৩০), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাঝেরটেক গ্রামের রমজান আলীর ছেলে খোরশেদ আলম নবী (৪২) এবং গাজীপুরের শ্রীপুর থানার আবদার (উত্তরপাড়ার) এলাকার দুলাল মিয়ার ছেলে এনামুল হক (২৪)।

জিএমপি’র ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জয়দেবপুর চৌরাস্তা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে কতিপয় জাল টাকার ব্যবসায়ী জাল টাকা কেনাবেচা করছে। এ গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এনামুল হক, জিয়াউর রহমান ও শরীফ মিয়াকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে জানায় তারা ওই জাল টাকাগুলো মাজহারুল ইসলাম সবুজ এবং খোরশেদ আলম নবীর কাছ থেকে সংগ্রহ করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন দিঘীরচালা, মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম সবুজকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে আরো ৪ লাখ ৮৯ হাজার টাকার জাল নোট, এক লিটার কোকাকোলার বোতলে সংরক্ষিত জাল টাকা স্বচ্ছ করার রাসায়নিক তরল পদার্থ, একটি স্মার্ট বিভো মোবাইলফোন এবং জাল টাকা বিক্রয়ের নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়। একই সময় খোরশেদ আলম নবীকে একটি শপিং ব্যাগে থাকা ২ লাখ টাকার জাল নোটসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আটক ওই পাঁচজন জাল টাকা তৈরি চক্রের সদস্য। তাদের কাছ থেকে মোট ৭ লাখ ৪০ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক মাজহারুল ইসলাম সবুজ ও খোরশেদ আলম নবী স্বীকার করে জানায়, ঢাকার আশুলিয়া এলাকার আলাউদ্দিন জাল টাকা তৈরি করে। আলাউদ্দিনের সহযোগী খোরশেদ আলম নবী ক্রেতাদের কাছে জাল টাকা সরবরাহ করেন। গ্রেফতারকৃত এই চক্রটি সারা বছরব্যাপী জাল টাকা তৈরি ও সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের মূলহোতা আলাউদ্দিনসহ অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *