আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম?

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দামামার মাঝেই মাঠে গড়িয়েছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে চট্টগ্রাম বিভাগের দলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম।

অথচ তামিম এখনো বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়, বিশ্বকাপের পরপরই দুই ম্যাচে টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামিমের এনসিএলে না খেলা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের, তাহলে কি অবসর ভেঙে ফিরে এসে ২ ম্যাচ খেলে আবারও নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম?

ইনজুরির সঙ্গে পেরে না উঠে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন দেশসেরা এই ওপেনার। এরপর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে না ফিরলেও বিশ্বকাপের আগে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করেন তিনি। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পর দেখা যায়, তালিকায় নাম নেই তামিমের।

টিম নির্বাচকরা বিশ্বকাপ দল ঘোণার সংবাদ সম্মেলনে বলেছেন, চোটের কারণে তামিম নেই। তামিম ইকবালের দাবি, তিনি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। তামিমের দলের প্রয়োজনেও ওপেনিং পজিশন থেকে সরে না দাঁড়ানো, সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা, চোটের কারণে খেলা নিয়ে অনিশ্চয়তা এসবের যেভাবে সমালোচনা সাকিব আল হাসান বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে করেছেন, তারপর দুজনের সম্পর্ক জোড়া লাগার যেটুকু সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে যাওয়ার কথা।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়ার পর প্রকাশ করা এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেছিলেন, ‘আমাকে সবাই মনে রাখিয়েন, ভুলে যাইয়েন না’। প্রায় ১২ মিনিটের ওই ভিডিও বার্তায় তামিম বলেছেন অনেক কিছুই। প্রধান নির্বাচক, ফিজিও থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের ক্ষমতাশালী সেই মানুষ যার নাম প্রকাশ করেননি তামিম, তাদের প্রতি অনেক অভিযোগ তার। অসহযোগিতার, কথা দিয়ে কথা না রাখায় তিনি বলেছেন, ‘আমি নোংরামির মধ্যে থাকতে চাই না’।

এদিকে একটি মুঠোফোনে আর্থিক লেনদেনের সেবাদানকারী সংস্থা বিজ্ঞাপনে তাদের এক করতে পারলেও মাঠে তাদের একসঙ্গে খেলার সম্ভাবনা কম। সেজন্যই কি তামিম এখন শুধুই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েই ভাবছেন? বিসিবিতে তামিমের পুনর্বাসন প্রক্রিয়া খুব কাছ থেকে দেখা ডা. দেবাশীষ চৌধুরি জানালেন, তার সঙ্গে সবশেষ আলাপে এমনটাই জানিয়েছেন তামিম।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তামিম ইকবাল বিসিবির চুক্তিবদ্ধ টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার। বিশ্বকাপের পর এই বছরের শেষ অবধি বাংলাদেশ জাতীয় দলের আছে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো টেস্ট এবং নিউজিল্যান্ডে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। যেসব ক্রিকেটার ওয়ানডে দলে নেই এবং যাদের কোনো চোট নেই তারা সবাই এই সময়ে হয় এনসিএল খেলছেন অথবা হাই-পারফরম্যান্স দলের হয়ে শ্রীলঙ্কা সফরে।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, জাকির হাসান, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা নিজ নিজ বিভাগের হয়ে খেলছেন এনসিএলে। টেস্ট দলে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপুরা শ্রীলঙ্কা গেছেন এইচপি দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, সেখানে ওয়ানডে সিরিজ শেষে দুটো চারদিনের ম্যাচ খেলবেন জুনিয়র টাইগাররা। কিন্তু মাঠে নেই শুধু তামিম।

চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনসিএলে খেলার কোনো বাধ্যবাধকতা আছে কি না এই প্রসঙ্গে জানতে চাইলে সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস দেশের প্রথমসারির এক পত্রিকাকে জানান, ‘এ ব্যাপারে বাধ্যবাধ্যকতা আছে, আবার নেইও। খেলোয়াড়দের অ্যাভেইলেবল থাকলে খেলতে হবে, তবে খেলতেই হবে বা না খেললে শাস্তি হবে এমন কিছু নেই। যেমন তাসকিনকে যদি আমরা বিশ্বকাপ থেকে আসার পর এনসিএলের শেষ রাউন্ডটা খেলতে বলি তাহলে সে খেলতে বাধ্য, তবে মেডিকেল কন্ডিশন এবং ওয়ার্কলোড সবকিছু বিবেচনায় আমরা হয়তো তাকে খেলতে বলব না। ব্যাপারটা এরকম, তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার অ্যাভেইলেবল থাকলে তার খেলার কথা’।

চট্টগ্রামের পোড়খাওয়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি মনে করেন, বিসিবি থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জাতীয় লিগে খেলা নিয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় তারকা ক্রিকেটাররা তো বটেই, উঠতি তারকারাও এনসিএলে খেলতে চান না। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিম কেন নেই চট্টগ্রাম দলে। আলমগীর জানান, ‘তার সঙ্গে চট্টগ্রাম দলে খেলার জন্য যোগাযোগ করা হয়েছিল। সে জানিয়েছে এখন না, সময় হলে সে নিজেই বলবে।’

তামিমের কোমরের চোট, ব্যথা এই সব কিছু নিয়ে সবচেয়ে ভালো বলতে পারা মানুষটি বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনিই বললেন, ‘সে (তামিম) তো লন্ডনে ছিল, সপ্তাহখানেক হয় ফিরেছে। ফেরার পর কথা হয়েছে। সে বলল আমাকে কয়েকটা দিন সময় দেন, এরপর ফিরে বিপিএলের জন্য প্রস্তুত হব।’ বিপিএলের পরবর্তী আসর আগামী বছরে, এবারে তামিম যোগ দিয়েছেন ফরচুন বরিশাল দলে। যে দলে গত দুই বছর খেলেছেন সাকিব আল হাসান। দল গোছানোর সঙ্গে অনেকটাই সম্পৃক্ত ছিলেন তামিম, বিশেষ করে সরাসরি দলে নেওয়া বিদেশি ক্রিকেটারদের নেওয়া হয়েছে অনেকটাই তারই পছন্দে।

তামিম প্রথম শ্রেণি, টেস্ট কিংবা আন্তর্জাতিক একদিনের ম্যাচের চাপ নিতে পারবেন কি না, এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দেবাশীষ বলেছেন, ‘দেখুন ইনজেকশন নিয়ে আপনি খুব বেশিদূর কিছু করতে পারবেন না। ইনজেকশন নিয়েছে সেটাও তো প্রায় তিনমাস হয়ে গেল। এর প্রভাব আস্তে আস্তে কমে আসবে। বছরে একটা নির্দিষ্ট মাত্রার বেশি ইনজেকশন দেওয়াও যাবে না। ব্যথাটা এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু যে কোনো সময় ফিরতে পারে; ধরনটাই এমন।’

বিসিবির চিকিৎসকের কথাতেই স্পষ্ট, পাঁচদিনের ম্যাচে তামিমকে একাদশে নিয়ে খেলতে নামাটা হবে জুয়াখেলার মতোই, ব্যথা ফিরলে এক ইনিংসে হয়তো ব্যাটিংই করতে পারবেন না। আর যে কারণে বিশ্বকাপের দল থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন তামিম, সেসব তো বদলায়নি তাই সিদ্ধান্তে বদল না আসাটাই স্বাভাবিক।

তামিম গত মৌসুমে এনসিএলে খেলেছিলেন ২ ম্যাচ, ৪ ইনিংসে মোট ৯১ রান আর সর্বোচ্চ ইনিংস ছিল ৩১ রানের। চলতি বছর তামিম একটাই প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দুই ইনিংসে করেছেন ২১ এবং ৩১ রান।

তাই কেন্দ্রীয় টেস্টের চুক্তিতে থেকেও বছরে মাত্র একটি টেস্ট খেলে আগামীতে টেস্ট দলে ডাক পাওয়ার বিবেচনায় তামিম আছেন কি না, নির্বাচক হাবিবুল বাশারের কাছে জানতে চাইলে উত্তর এলো, ‘আমি জানি না। তামিম নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের জন্য অ্যাভেইলেবল কি না এটা আমি বলতে পারব না’।

পারফরম্যান্স, ফিটনেস এবং দলে গ্রহণযোগ্যতা, সব মিলিয়ে তামিম হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন। সে জন্যই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট বা ওয়ানডে নয়, তার নজর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে। আগের মৌসুমে খুলনা টাইগারসের হয়ে বিপিএলটাও তার ভালো কাটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *