আগামী ৭ জানুয়ারির নির্বাচনের পর দেশের আকাশে আমবশ্যার অন্ধকার নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ‘নির্বাচনের আয়োজক আজ্ঞাবহ নির্বাচন কমিশন, পরিচালক হিসেবে থাকবে সরকার এবং ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ভোটারের ভূমিকায়।’
শুক্রবার দুপুরে রাজধানীর দৈনিক বাংলার মোড়, কালভার্ট রোড় ও ফকিরাপুল সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তারা এ কথা বলেন।
জোট নেতারা বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হলে বাংলাদেশ গভীর সঙ্কটে পড়বে। বিশ্বের কাছে বাংলাদেশ হারাবে তৈরি পোশাকসহ রফতানির বড় বাজার এবং সঙ্কট সৃষ্টি হবে অর্থনীতিতে। এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। তাই ৭ জানুয়ারি নির্বাচন নয়, সরকারের পদত্যাগই এর সমাধান।’
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে একটি ডামি নির্বাচন হতে চলেছে। তবে নির্বাচন ডামি কিংবা নায়ক-নায়িকা অথবা জুয়াড়ি মার্কায় হোক না কেন দেশের জনগণ এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে।’
এ সময় ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।