অনুমতি ছাড়া মহাসমাবেশ করলে এক বিন্দু ছাড় না দেয়ার হুঁশিয়ারি ডিএমপির

অনুমতি ছাড়া ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী শাপলা চত্বরে মহাসমাবেশ করলে এক বিন্দু ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, বিএনপির সমাবেশের স্থান নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও শর্ত মানলে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি পাবে দলটি।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ কর্মসূচি দিয়েছে বিএনপি। এ নিয়ে চলছে নানা আলোচনা। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি।

পুলিশ বলছে, শান্তিপূর্ণ সমাবেশ করলে বিএনপিকে সহযোগিতা করা হবে। তবে মামলার আসামিদের ছাড় দেয়া হবে না।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাতে নড়েচড়ে বসে পুলিশ। জানানো হয়, কোনোভাবেই রাজধানীতে সমাবেশের অনুমতি দেয়া হবে না জামায়াতকে।

নাশকতা রোধে রাজধানীসহ জেলা ও বিভাগীয় শহরে চলবে সাঁড়াশি অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *