সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণা হতে পারে আগামীকাল শনিবার।
বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টায় এ উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক ডাকা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনলাইনে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের সাথে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইউনাইটেড লইয়ার্স কাউন্সিলভূক্ত সহযোগী সংগঠনের নেতাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আগামীকালের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এ প্রতিবেদককে বলেন, আগামীকাল বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হব। কালকের বৈঠকেই প্যানেল চূড়ান্ত হবে। আমরা নির্বাচনে যেতে চাই। তবে নির্বাচন নিয়ে কোনো ছল-চাতুরির চেষ্টা করা হলে তা প্রতিহত করা।
আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বর্তমান সম্পাদকের সাক্ষর করা তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।
তফসিলের পর এরই মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা তাদের প্যানেল চূড়ান্ত করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেয়া হয়। সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেয়া হয়। আর সদস্য পদে লড়বেন সৌমিত্র সরদার রনী, মো: খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।
তবে সব কিছু ঠিক-ঠাক থাকলে গত বছরের ঘোষিত প্যানেলেই নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি-জামায়াত সমর্থকরা। যদিও সভাপতি এবং সম্পাদক পদে আলোচনায় আছেন কয়েকজন। সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও আলোচনায় আছে আইনজীবী মো: ফজলুর রহমান ও ব্যারিস্টার বদরদ্দোজা বাদলের নাম। আর সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছাড়াও আলোচনায় আছেন মোহাম্মদ আলী, মোর্শেদ আল মামুন লিটন ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
গত বছর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ব্যারিস্টার খোকন ও কাজলের নেতৃত্বে বিএনপি-জামায়াতের আইনজীবীদের প্যানেলে সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে প্রার্থী করা হয়েছিল। কোষাধ্যক্ষ পদে ছিলেন রেজাউল করিম। সহ-সম্পাদক পদে ছিলেন মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। আর সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ফয়সাল দস্তগীর ও কাজী মোস্তাফিজুর রহমান আহাদকে প্রার্থী করা হয়েছিল।