সর্বোচ্চ ভোটে আবারও জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দলটির এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তিনি টানা দ্বিতীয় মেয়াদে আমির নির্বাচিত হলেন। ২০২৩-২০২৫ সেশনের জন্য গত ৫ অক্টোবর থেকে সারা দেশ থেকে রুকনরা আমির নির্বাচনের জন্য ভোট প্রদান করেছেন।
দলটির সূত্র জানায়, ডা. শফিকুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে তিনটি প্যানেল ঘোষণা করে বিদায়ী মজলিশে শুরা। এরপর নির্বাচন পরিচালনা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তাকে সহযোগীতা করে নির্বাহী পরিষদ এবং জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি।
সূত্রটি আরও জানায়, আমিরের শপথগ্রহণের পর মজলিশে শুরার নির্বাচন হবে। নব গঠিত ওই মজলিশে শুরা দলটির সেক্রেটারি, নায়েবে আমিরসহ অন্যান্য পদে মনোনয়ন দেবে। তারাই আগামী ৩ বছর জামায়াতে ইসলামি পরিচালনা করবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, জামায়াতে ইসলামী একটি গণমুখী ও গণতান্ত্রিক দল। দলের নির্বাচনেও গণতান্ত্রিক পন্থা সম্পূর্ণ বজায় রেখেই ভোটাররা ভোট দিয়েছেন এবং তাদের ভোটেই নতুন আমির নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১৯ সালে প্রথম মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।