কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় প্রায় এক হাজার বসতঘর পুড়ে গেছে। তবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন বলেন, শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। পরে অন্য রোহিঙ্গা ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৪টার দিকে।
তিনি আরও বলেন, আগুনে অন্তত এক হাজার বসতঘর পুড়ে গেছে। প্রাণহানি এড়াতে ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের অন্যান্য ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।