মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নজরদারিতে কয়েকজন : র‌্যাব

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ মঙ্গলবার এই কথা জানিয়েছেন।

এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানান তিনি।

খন্দকার আল মঈন বলেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা ন্যাক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদের নিয়ে আমরা কাজ করছি।

কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাইনি। তাদের তথ্যের ভিত্তিতে আরো কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছি।

গত ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বত্তরা। এতে দগ্ধ হয়ে মা ও শিশুসহ চার যাত্রী নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *