মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকে এক ব্যতিক্রমী স্থাপত্য গড়ে তুলেছেন তামিলনাড়ুর এক ব্যবসায়ী। মায়ের স্মৃতিকে চিরস্থায়ী করতে তিনি নিজের গ্রামেই নির্মাণ করেছেন তাজমহলের আদলে একটি সৌধ। যা এখন স্থানীয়ভাবে ‘দক্ষিণের তাজমহল’ নামে পরিচিত।
জানা যায়, তামিলনাড়ুর থিরুভারুর জেলার আম্মায়াপ্পান গ্রামের বাসিন্দা আমূরদ্দিন তার প্রয়াত মা জৈলানি বিবির স্মরণে এই উদ্যোগ নেন। ২০২০ সালে মায়ের মৃত্যু হওয়ার পর তিনি তার স্মৃতিকে ধরে রাখার জন্য একটি স্থায়ী স্মারক নির্মাণের সিদ্ধান্ত নেন।
প্রায় ৫০ বছর বয়সী এই ব্যবসায়ী রাজস্থান থেকে শ্বেতপাথর এনে আগ্রার তাজমহলের আদলে একটি স্থাপনা নির্মাণ করেন। ৮ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত এই স্থাপনার প্রস্থ প্রায় ৪৬ ফুট। মাত্র দুই বছরের মধ্যেই, ২০২২ সালে এটি নির্মাণ সম্পন্ন হয়।
নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকেই এটি স্থানীয় ও দূরদূরান্তের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অনেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন, আবার অনেকে ছবি তুলতে ও সময় কাটাতে আসছেন।
বিশেষ করে স্কুল ছুটির দিনগুলোতে শিশুদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অনেক দর্শনার্থী আগ্রার তাজমহল না দেখলেও এই স্থাপত্য দেখে তাজমহলের আদল ও সৌন্দর্যের ধারণা পাচ্ছেন বলে জানিয়েছেন।
এছাড়া, এই কমপ্লেক্সের মধ্যে একটি মাদরাসা নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। কোনো প্রবেশ বাধা না থাকায় যে কেউ এটি ঘুরে দেখতে পারেন।
স্থানীয়ভাবে এটি এখন শুধু একটি স্মারক নয়, বরং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।